নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ সিংড়া উপজেলা-তে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রায় ১০ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভা-র নিংগইন এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
স্থানীয় সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া এলাকার বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে সেখানে জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্যাংকের ভেতর প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ থাকার প্রমাণ মেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সততা ট্রেডার্সের মালিক মো. রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলার শেরকোল বাজার ও হাতিয়ান্দহ বাজার-এ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রির পরিকল্পনা করছে। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
