নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরিজীবীদের জন্য আসন্ন ফেব্রুয়ারি মাসে দুই দফায় মোট টানা ৮ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। শবেবরাত উপলক্ষে একদিনের নির্বাহী আদেশের ছুটি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ছুটি মিলিয়ে এই সুযোগ মিলছে।
শবেবরাত উপলক্ষে প্রথম দফার ছুটি ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ এরপরই রয়েছে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি।
নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফার ছুটি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, “নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
এরপরের দুই দিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় এখানেও মিলছে টানা চার দিনের ছুটি।
২০২৬ সালের সরকারি ছুটির চিত্র:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।
এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে মুসলিম কর্মচারীদের জন্য: ৫ দিন হিন্দু কর্মচারীদের জন্য: ৯ দিন খ্রিস্টান কর্মচারীদের জন্য: ৮ দিন বৌদ্ধ কর্মচারীদের জন্য: ৭ দিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য: ২ দিন
