আপু’ সম্বোধন ঘিরে ইউএনও ও আয়োজকের বাগবিতণ্ডা

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা–সমালোচনা

by The Justice Bangla

কালীগঞ্জ প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে। ফোনালাপের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি চড়ুইভাতি (পিকনিক) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত প্রায় ১২টা পর্যন্ত চলায় ইউএনও শামিমা আক্তার জাহান একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করে অনুষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেন।

ফোনালাপে মেহেরবান মিঠু ইউএনওকে জানান, রয়েল ফুটবল একাডেমির এক সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এ সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। এ কারণে অনুষ্ঠান শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছিল বলে তিনি ব্যাখ্যা করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, এখনই শেষ হয়ে যাবে, আপু।

অভিযোগ রয়েছে, ‘আপু’ সম্বোধনে ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের একটি অংশে ইউএনওকে বলতে শোনা যায়, আমি আপনার আপু নই ফর ইউর কাইন্ড ইনফরমেশন। অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না। আপনি কি এই অনুষ্ঠানের অনুমতি নিতে এসেছিলেন?

এ সময় মেহেরবান মিঠু জানান, তিনি নিজে অনুমতি নিতে উপস্থিত ছিলেন না। ইউএনওর কঠোর মনোভাবের পর তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ বলে সম্বোধনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই এবং ‘আপু’ একটি ভদ্র ও সম্মানসূচক সম্বোধন। অপরদিকে, কেউ কেউ প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি কর্মকর্তাদের মর্যাদার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে রয়েল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু বলেন,
নির্ধারিত সময়ের চেয়ে অনুষ্ঠান দেরিতে শেষ হওয়ায় আমি বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে “আপু” বলেছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হবেন, তা ভাবিনি। বিষয়টি আমাদের সবাইকে কষ্ট দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, আপু বলার কারণে আমি রাগ করিনি। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তাই সেটি বন্ধ করতে বলেছি। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

ঘটনাটি স্থানীয়ভাবে প্রশাসনিক আচরণ, সামাজিক সম্বোধন ও কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের ভাষা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, এর আগেও কালাই উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও শামিমা আক্তার জাহানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সম্পৃক্ততার অভিযোগ এবং জাতীয় শিক্ষানীতি উপেক্ষা করে স্কুল-কলেজে পরীক্ষায় পাসের নম্বর ৪০ থেকে ৫০ করার একতরফা নির্দেশ দেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছিল।

You may also like

Leave a Comment