কোকোকে নিয়ে পুরনো বক্তব্য ভাইরাল

সমালোচনার মুখে জামায়াত প্রার্থী প্রকাশ্যে দুঃখ প্রকাশ

by The Justice Bangla

কুষ্টিয়া প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া একটি পুরনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।

পুরনো বক্তব্যটি নতুন করে ছড়িয়ে পড়ার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা রয়েছে বলে দাবি করে তিনি লেখেন, পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি। এ ক্ষেত্রে অপরাধী কে বেশি এটাও একটু চিন্তা করে দেখার বিষয়।

পোস্টে তিনি আরও লেখেন,
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পুরনো ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

You may also like

Leave a Comment