প্রেমিকাকে ভিডিও কলে রেখে পেকুয়ায় গলায় রশি পেঁচিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় গলায় রশি পেঁচিয়ে মোহাম্মদ আসিফ (২১) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কলেজ ছাত্র আসিফ দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। বিভিন্ন কারণে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে তিনটার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সময় সে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে ছিলো বলে স্থানীয়দের দাবি।

নিহত আসিফের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ডাকার জন্য আমি আমার ছেলের রুমে যাই। দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি আমার ছেলে রশিতে ঝুলে আছে। আমার কলিজার ধন আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো?

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment