নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানকে পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ও জনগণের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য নেতা হিসেবে গুরুত্বসহকারে বিবেচনা করছেন এমন আশাবাদ বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
হুমায়ুন কবির জানান, ঘণ্টাব্যাপী বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “চীন বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চীনের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও দেশ গড়ার রূপরেখা নিয়ে কথা বলেছেন। চীন কীভাবে এই উন্নয়নে সহযোগিতা করতে পারে, সেটিও আলোচনায় এসেছে।
হুমায়ুন কবির আরও জানান, “চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, পরবর্তী নির্বাচনে জনগণের মর্জি অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং তারা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।
