দেশীয় অস্ত্রের মুখে মীরসরাইয়ে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

by The Justice Bangla

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিমুল্লাহ ভেন্ডর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হানিফের ঘরে এ ডাকাতি সংঘটিত হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে হানিফ ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে। ঘরের কর্তা হানিফের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয়। এরপর ডাকাতরা ঘর থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী হানিফ বলেন— রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে দরজার বাইরে শব্দ শুনতে পান তিনি। সামনের কক্ষের লাইট জ্বালিয়ে দেখেন দরজার তালা রড দিয়ে ভাঙার চেষ্টা চলছে। এ সময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে দ্রুত মুখোশ ও শর্ট প্যান্ট পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। হানিফ বাধা দিতে গেলে তাকে রড দিয়ে আঘাত করা হয়।

হানিফ আরও জানান, ডাকাতদলের সদস্যরা তার চোখ, হাত-পা গামছা দিয়ে বেঁধে স্ত্রীকে ভয় দেখিয়ে আলমিরার চাবি নিয়ে নেয়। দেশীয় অস্ত্রের মুখে ছোট শিশুকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা আনুমানিক ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। তিনি বলেন, ঘরের ভেতরে ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, তিনি ডাকাতির ঘটনার বিষয়ে অবগত নন। খবর পাওয়া মাত্রই পুলিশের টিম পাঠানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, খৈয়াছড়া ইউনিয়নে আলাদা পুলিশি টিম মোতায়েন রয়েছে এবং ডাকাতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You may also like

Leave a Comment