মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর হামলা: তিনজন আহত, উত্তেজনায় থমথমে শহর

by The Justice Bangla

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ হামলা হয়। ঘটনায় আবুল সরকারের অন্তত তিনজন অনুসারী আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন আব্দুল আলিম (সাঁকরাইল, শিবালয়) জহুরুল (ঝিটকা, হরিরামপুর) আরিফুল ইসলাম (তালেবপুর, সিংগাইর)

পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

মিছিল থেকে ধাওয়া, বাউল ভক্তদের পুকুরে ফেলে দেওয়া

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঠিক একই সময়ে জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধনের ঘোষণা থাকায় পুরো এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

বসস্ট্যান্ডে বিশাল সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি বয়েস স্কুল মাঠের কাছে পৌঁছালে বাউলশিল্পী আবুল সরকারের কয়েকজন অনুসারীকে দেখতে পায় মিছিলকারীরা। এক পর্যায়ে ধাওয়া দেওয়া হলে ভক্তরা মানিকগঞ্জ স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপ দেন।

তখন মিছিলকারীদের একটি অংশ পুকুরের ভেতর থাকা ভক্তদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজনকে লাঠি দিয়ে পেটাতেও দেখা যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ উত্তেজিত মিছিলকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাবেশের পাশেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। একটি ঘটনাই ঘটেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ধর্ম অবমাননা মামলায় গ্রেপ্তার আবুল সরকার কারাগারে

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করেন।

মামলার পর ডিবি পুলিশ আবুল সরকারকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ভক্ত–অনুসারী ও ‘তৌহিদী জনতা’র পাল্টাপাল্টি অবস্থান

আবুল সরকারের ভক্তরা তার মুক্তির দাবিতে সরব, অন্যদিকে তৌহিদী জনতা’ তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ ও পাল্টাবিক্ষোভের কারণে শহরে উত্তেজনা বিরাজ করছে।

You may also like

Leave a Comment