মিরসরাইয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে বাধা, সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

by The Justice Bangla

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় বাধার মুখে পড়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।

বুধবার সকালে উপজেলার করেরহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা লিফলেট বিতরণে বাধা দেন।

এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হন দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন এবং দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি ইমাম হোসেন। সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অভিযুক্তরা চেয়ারম্যান, চেয়ারম্যান বলে স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধানের শীষের পক্ষে সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে করেরহাটে লিফলেট বিতরণ করছিলাম। আমার শান্তিপূর্ণ কার্যক্রমে ব্যাপক জনসম্পৃক্ততা দেখে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিপথগামী কিছু লোক ঈর্ষান্বিত হয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে আমাদের গণসংযোগে বাধা দেওয়া হয়। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই কোনো সংঘাত এড়াতে আমরা কার্যক্রম স্থগিত করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু বলেন,

প্রতি হাটবারেই আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করি। বুধবারও একই কর্মসূচি চলছিল। শাহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুখোমুখি হলে সামান্য বাকবিতণ্ডা হয়, তবে হামলার অভিযোগ সত্য নয়।

You may also like

Leave a Comment