মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় কোস্টগার্ডের বিতর্কিত অভিযান, লুটপাট ও হয়রানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানবীর ছিদ্দিকীর পরিবার।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে শহীদ তানবীর ছিদ্দিকীর বসতবাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
এতে ভুক্তভোগী ও বিএনপি নেতা মিজানুর রহমান মাতব্বর জানান, পলাতক আওয়ামীলীগ নেতা তারেক বিন ওসমান শরীফের ইন্ধন ও অর্থায়নে কোস্ট গার্ড সদস্যরা আমাদের উপর নির্যাতন ও জুলুম চালিয়ে যাচ্ছে । কোস্টগার্ড উদ্দেশ্যমূলক ভাবে বারবার আমাদের উপর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। নিরীহ লোকজন ধরে অস্ত্র দিয়ে চালান দিচ্ছে এই সরকারি বাহিনীর লোকজন। একটি সরকারি বাহিনী কিভাবে এতো বেপরোয়া হতে পারে। চিহ্নিত সন্ত্রাসী ও ডেভিলদের সাথে নিয়ে কোস্ট গার্ডের অভিযান দিনদিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সর্বশেষ গত ১৮ অক্টোবর কালারমারছড়ার বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধারের নামে নাটক মঞ্চস্থ করেছে কোস্ট গার্ড৷ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক শরীফের নেতৃত্বে কোস্ট গার্ড দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। মূলত তারেক শরীফের কিছু আত্মীয়স্বজন কোস্ট গার্ডে রয়েছে, তারেক কোস্ট গার্ডকে ব্যবহার করে বারবার বিতর্কিত অভিযান চালাতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। পলাতক আওয়ামী লীগ নেতা তারেক শরীফের অন্তত ১৫ এর অধিক মামলা রয়েছে, কিন্তু কোস্ট গার্ড কেন বারবার তার কথায় কাজ করে যাচ্ছে, সেটি আমার বোধগম্য নয়৷
মিজানুর রহমান আরও জানান, কোস্ট গার্ডের সোর্স ডাকাত আবু ছৈয়দ, আনছার, নুরুল ইসলাম মেম্বার আওয়ামী লীগ নেতা তারেক শরীফের এজেন্ডা বাস্তবায়নে কোস্ট গার্ডকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে।
ভুক্তভোগী নাজমুল ছিদ্দিকী মাতব্বর জানান, আমরা এই অত্যাচার, জুলুমের শেষ চাই। একটি সরকারি বাহিনীর স্বৈরাচারী আচরণ কিছুতেই জনগণ মেনে নিবেনা।
