মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে বসতবাড়িতে অবৈধভাবে প্রবেশ করে জায়গা পরিমাপ ও স্থাপনা দেওয়ার মাধ্যমে জবরদখলের চেষ্টা এবং হুমকি-ধমকির অভিযোগে ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মীরসরাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবরিন তাহছিনা জানান, জোরারগঞ্জ থানাধীন পূর্ব হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার রেদোয়ানুল হক সোহাগ ও আজম খানসহ অজ্ঞাত কয়েকজন গত বৃহস্পতিবার বিকেলে জোরপূর্বক তাদের বাড়ির সীমানা প্রাচীর টপকে প্রবেশ করে জায়গা পরিমাপ করে এবং খুঁটি গেড়ে যায়।
তিনি অভিযোগ করেন, এ সময় আমি প্রতিবাদ করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধরের জন্য উদ্ধত হয়। এমনকি প্রাণনাশের হুমকিও প্রদান করে।
সাবরিন তাহছিনা আরও বলেন, বিষয়টি নিয়ে বারইয়ারহাট পৌরসভায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী প্রশাসনের কাছে জমি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তার স্বামী কাজী জাকের উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজম খান বলেন, আমরা জায়গা পাওয়ার কথা, তাই পরিমাপ করতে গিয়েছিলাম। কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এএসআই দিদার হাওলাদার বলেন, “অভিযোগ পেয়েছি, বাদীর সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
