মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজারঃ কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে অপর দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (২১)। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তিনজনই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চবির সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী জানান, ঘটনার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সমন্বয় করছে।
সহপাঠীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পাঁচ বন্ধুর একটি দল কক্সবাজার ভ্রমণে যায়। রাত যাপন শেষে মঙ্গলবার ভোরে হিমছড়ি সৈকতে ঘোরাঘুরির সময় তিনজন সাগরে গোসলে নামেন। এ সময় হঠাৎ একটি শক্তিশালী ঢেউ তাঁদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হলে সাদমানের মরদেহ উদ্ধার করা হয়, তবে বাকি দুজনের কোনো খোঁজ মেলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “তিন শিক্ষার্থী সাগরে নিখোঁজ হন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল নিখোঁজ দুজনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
