জুন মাসে সিলেট বিভাগে সড়কে ঝরল ২৮ প্রাণ

by The Justice Bangla

স্টাফ রিপোর্ট ,সিলেটঃ সিলেট বিভাগের সড়কগুলো যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। চলতি বছরের জুন মাসে বিভাগজুড়ে ২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন, আহত হয়েছেন অন্তত ৪৮ জন। সোমবার (৭ জুলাই) ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিসচার প্রতিবেদন অনুযায়ী, মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির হার কিছুটা কমলেও দুর্ঘটনার ধরণ ও নিহতদের পরিচয় অত্যন্ত উদ্বেগজনক।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলার ১৪টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬ জনের, আহত হয়েছেন ২০ জন।
সুনামগঞ্জে ৭টি দুর্ঘটনায় নিহত ৪ জন, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় নিহত ৫ জন, এবং হবিগঞ্জে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন।

দুর্ঘটনার ধরন ও নিহতদের পরিচয়:

নিহতদের মধ্যে ৭ জন ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও লেগুনার যাত্রী ও চালক, এবং ১১ জন ছিলেন পথচারী।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৮ জন এবং বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় মারা গেছেন ১ জন।
মোট নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ৭ জন চালক ছিলেন।

নিসচা বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং নিসচার বিভিন্ন শাখা সংগঠনের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মে মাসের তুলনায় কমলেও উদ্বেগ কাটেনি:

গত মে মাসে সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৪ জন এবং আহত হয়েছিলেন ৮২ জন। সেই তুলনায় জুনে কিছুটা কম হলেও এই সংখ্যা এখনও আশঙ্কাজনক।

নিসচা বিভাগীয় কমিটি মনে করে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি।

নিরাপদ সড়ক গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একজন পথচারী, যাত্রী বা চালক হিসেবে আমাদের দায়িত্বশীল আচরণই পারে দুর্ঘটনার হার কমাতে।

You may also like

Leave a Comment