নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে এক খামারির গোয়ালঘর থেকে একরাতে তিনটি কোরবানির গরু চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য তিন লাখ টাকার বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (১ জুন) দিবাগত রাতে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার খামারি আবুল কালামের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করছিলেন খামারি আবুল কালাম। বার্ধক্যের বয়সে এমন ক্ষতির মুখে পড়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম (৭০) জানান, রাতে চোরের দল তাঁর টিনশেড গোয়ালঘরের দরজার শিকল কেটে ভিতরে ঢুকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, কোরবানির সময় ঘনিয়ে আসার সাথে সাথে এলাকায় গরু চুরির আশঙ্কা বাড়ছে। এর আগেও এ এলাকায় একাধিকবার গরু চুরির ঘটনা ঘটেছে বলে অনেকে জানান।
এ প্রসঙ্গে চন্দনাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
তারা জানান, নিরাপত্তার অভাবে তারা চরম আতঙ্কে রয়েছেন। অনেকে তাঁদের গরু পাহারা দিতে রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে।
স্থানীয়দের দাবি, কোরবানিকে সামনে রেখে গরু চুরির ঘটনা রোধে প্রশাসনকে আরো সজাগ হতে হবে। একই সাথে এলাকাগুলোতে রাতের বেলা স্বেচ্ছাসেবক ও পুলিশের সমন্বয়ে পাহারার ব্যবস্থা জোরদার করারও দাবি জানিয়েছেন তারা।
