মোহাম্মদ সাগরঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা ও গাজীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা ২টা থেকে বিভাগীয় শহরগুলোতে অবরোধ শুরুর কথা থাকলেও রাজধানীর শাহবাগে সকাল ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। তারা শাহবাগ মোড়ের আশপাশের সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।
এর আগে, গত শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে শনিবার রাতে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে।
উপদেষ্টার আশ্বাসের পর শনিবার রাতেই শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ। তবে রোববার দুপুর ২টায় বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির ঘোষণা বহাল রাখা হয়।
বিভিন্ন অঞ্চলের চিত্র
গাজীপুর: রোববার বিকেল ৩টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
নারায়ণগঞ্জ: একই সময়ে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এনসিপির জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, হাদির ওপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। দ্রুত বিচার নিশ্চিতের দাবিতেই আজকের এই ব্লকেড কর্মসূচি।
চট্টগ্রাম: দুপুর ২টার দিকে বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে অবরোধ শুরু হয়। নতুনব্রিজ চৌরাস্তা দিয়ে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শাহ আমানাত সেতু সংলগ্ন এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
খুলনা: বিকেল ৪টার দিকে শিববাড়ি মোড়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বসে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচিতে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।
বরিশাল: বিকেল সোয়া ৩টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবরোধ শুরু হয়। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল থেকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোরসহ অন্তত ৩২টি রুটে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী: দুপুর আড়াইটার দিকে নগরীর তালাইমারী মোড়ে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সিলেট: বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
কুমিল্লা: রোববার বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে ইনকিলাব মঞ্চ, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার দৃশ্যমান না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
