মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিউল আলম আয়াজ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেল চালিয়ে ফাঁসিয়াখালী ঢালা এলাকা অতিক্রম করছিলেন আয়াজ। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি হানিফ পরিবহন বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, শফিউল আলম আয়াজ দুবাই প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে ছুটি নিয়ে দেশে ফেরেন এবং মাত্র দুই মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নববধূর হাতের মেহেদীর রঙ এখনো শুকায়নি এর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তরুণ। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চকরিয়া সরকারি হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
