এম জাবেদ হোসাইন, মীরসরাই চট্টগ্রামঃ স্মার্ট মীরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা এবং মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম এবং জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মীরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা স্মার্ট মীরসরাই বিনির্মাণে বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। আগামীর মীরসরাই গঠনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
