সিলেটের আখালিয়ায় সড়কে ডাম্পিং স্টেশন, দুর্গন্ধে নাকাল মানুষ

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের পাশে সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপরেই বর্জ্য ডাম্পিং স্টেশন পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এতে ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

প্রতিদিন সকাল হলেই নগরীর ৮, ৯ ও ৩৭ নম্বর ওয়ার্ডের ভ্যান সার্ভিস কর্মীরা বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য ভ্যানে করে এনে সড়কের ওপরেই জড়ো করেন। দুপুরের দিকে সিটি কর্পোরেশনের ট্রাক এসে বর্জ্যগুলো পরিবহন শুরু করে। এক লেন বন্ধ করে চলে আনলোড ও স্থানান্তর কার্যক্রম, যা কখনো কখনো গভীর রাত পর্যন্ত চলে।

দিনের বেলায় খোলা জায়গায় বর্জ্য ফেলার ফলে দুর্গন্ধে আশপাশের মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা জানান, তিনটি ওয়ার্ডের প্রায় ৪৭টি বর্জ্যবাহী ভ্যান প্রতিদিন এখানে জমা হয়, ফলে প্রায়ই লেগে যায় যানজট। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে যানজট দুইয়ে মিলে নিত্যদিনের দুর্ভোগ এখন চরমে।

ডাম্পিং স্টেশনের কয়েকশ মিটারের মধ্যেই রয়েছে মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়া নবাবী মসজিদ, কয়েকটি ফার্মেসি ও রেস্টুরেন্ট। তবুও জনদুর্ভোগ সৃষ্টি করা এই ডাম্পিং স্টেশন স্থানান্তরে সিটি কর্পোরেশনের উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন,

সিটি কর্পোরেশন এলাকায় বর্তমানে স্থায়ীভাবে পাঁচটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মিত হয়েছে। বর্ধিত ওয়ার্ডগুলোসহ নগরীতে আরও ১৮টি এসটিএস নির্মাণ প্রয়োজন। নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় এই কার্যক্রম ধীরগতিতে চলছে। আখালিয়ার বিষয়ে আপাতত দুঃখপ্রকাশ করা ছাড়া আমাদের কিছু করার নেই।

স্থানীয়রা দ্রুত বিকল্প জায়গায় ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment