সিলেট প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আগামীকাল ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার একটি প্রতিবাদ মিছিল আয়োজন করেছে। নগরীর কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট থেকে দুপুর ২টা ৩০ মিনিটে এই কর্মসূচি শুরু হবে।
ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ দুপুরে হামলার শিকার হন। এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হন।
এই দুই ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই সিলেট জেলা ও মহানগর বিএনপি কালকের এ কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা নেওয়ার ঘোষণা দিয়েছে। তাঁতীদলের মহানগর শাখার আহবায়ক কয়েছ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল জানিয়েছেন প্রতিবাদ মিছিলে অংশ নিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আগামীকাল শনিবার দুপুর ২টায় রংমহল টাওয়ারের সামনে উপস্থিত থাকতে হবে।
তাঁতীদল নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও বিরোধী রাজনীতিতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সিলেট নগরের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিয়ে হামলার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করে তুলবেন।
