বিনোদন ডেস্কঃ অভিনয় ও প্রযোজনার পাশাপাশি দেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় সাভারে প্রায় ১২ হাজার শ্রমিক নিয়ে পরিচালিত তার বিশাল গার্মেন্টস কারখানায় বর্তমানে কর্মীসংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। এই সংকট কাটিয়ে উঠতেই এখন পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিতে চান তিনি।
এমন বাস্তবতায় সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’ খ্যাত এই অভিনেতা-প্রযোজক। অনন্ত জলিল জানান, ব্যবসার অবস্থা এতটাই নাজুক যে এই মুহূর্তে অভিনয় নিয়ে ভাবার সুযোগ নেই। এমনকি পূর্বে শুরু করা কয়েকটি সিনেমার কাজও শেষ করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, আমি কখনোই সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি একজন বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজখবর রাখতাম। কিন্তু এখন ব্যবসা ভালো অবস্থায় নেই, তাই সেটি ঠিক না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরা আমার পক্ষে সম্ভব নয়।
অনন্ত জলিল আরও বলেন, যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই সংকট কাটিয়ে ওঠাই আমার প্রথম লক্ষ্য। এই সময় সিনেমা নিয়ে ব্যস্ত থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।
শুধু অনন্ত জলিল নন, তার স্ত্রী ও জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষাকেও আর সিনেমায় দেখা যাবে না বলেও জানিয়েছেন তিনি। ফলে তাদের দুজনকে নিয়ে নির্মাণাধীন ও পরিকল্পিত চলচ্চিত্রগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় অনন্ত জলিলের। শুরু থেকেই প্রতিটি সিনেমায় তার সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন সিনেমা করবো, দুজন একসঙ্গেই করবো। না করলে কেউই করবো না। সিনেমা আমাদের পেশা নয়, শখ।
বর্তমানে অনন্ত জলিল অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং এখনো অসম্পূর্ণ রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ চলচ্চিত্রের মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, যদি কখনও ভালো সময় আসে, তাহলে করবো নইলে না।
