শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা–২০২৫ জারি, প্রক্রিয়া সহজ করল এনবিআর

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ শিপিং এজেন্টদের জন্য বিভিন্ন সুবিধা রেখে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর আগের মতো এনবিআরের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। ফলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তুলনামূলকভাবে কম সময়ের মধ্যেই শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যু করতে পারবে।

এছাড়া শিপিং এজেন্ট লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আগের বিধিমালায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি কর্তৃক গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক থাকলেও নতুন বিধিমালায় এ পরীক্ষার শর্ত বাতিল করা হয়েছে। এখন দাখিলকৃত প্রয়োজনীয় দলিলপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স প্রদান করা হবে।

নতুন বিধিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ। আগে কোনো কাস্টমস স্টেশন থেকে ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্স কেবল ওই স্টেশনের অধীন সমুদ্র বা নৌবন্দরে কার্যকর ছিল। ফলে একই লাইসেন্স ব্যবহার করে অন্য কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট বন্দরে কার্যক্রম পরিচালনা করা যেত না।

তবে বর্তমান বিধিমালা অনুযায়ী ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্সধারীরা এখন বাংলাদেশের যেকোনো সমুদ্রবন্দর বা নৌবন্দরে তাদের শিপিং এজেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এনবিআর সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিধিমালার ফলে শিপিং খাতে ব্যবসা পরিচালনা সহজ হবে, সময় ও ব্যয় কমবে এবং সামগ্রিকভাবে বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে।

You may also like

Leave a Comment