শান্তিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

by The Justice Bangla

মো. এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেটঃ  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং জামলাবাজ গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাসিমের পুত্র।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে তাজ উদ্দিনের পরিবারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে নজরুল ইসলাম নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

You may also like

Leave a Comment