নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে আজ বান্দরবান জেলার রুমা উপজেলার দোপানীছড়া বিওপি’র আওতাধীন দোপানীছড়া পাড়ায় একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই , বুধবার, দুপুর ০২.১০ ঘটিকা থেকে ০৩.২০ ঘটিকা পর্যন্ত আয়োজিত এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন রুমা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর এস. এম. আব্দুস সোবহান, এএমসি। তাঁর নেতৃত্বে স্থানীয় গরীব, অসহায় ও চিকিৎসা সেবা বঞ্চিত পাহাড়ি নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধ—মোট ১৯ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সীমান্তবর্তী এই পাহাড়ি জনপদে উন্নত স্বাস্থ্যসেবা এখনো অনেকাংশেই নাগালের বাইরে। কঠিন ভূপ্রকৃতি, যাতায়াতের সীমাবদ্ধতা ও চিকিৎসা অবকাঠামোর অভাব এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। এমন বাস্তবতায় বিজিবির এই ধরণের মানবিক ও কল্যাণমুখী পদক্ষেপ স্থানীয় জনগণের মাঝে আশার আলো জাগিয়েছে।
রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) শুধুমাত্র সীমান্ত নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, বরং গরীব ও অসহায় মানুষের কল্যাণে নানা ধরণের সামাজিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদান, সচেতনতামূলক সভা, পরিবেশ রক্ষা কার্যক্রম এবং নিয়মিত মেডিকেল ক্যাম্প।
স্থানীয়রা জানান, বিজিবির এই সেবা তাঁদের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। এমন সহযোগিতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশা তাঁদের।
রুমা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভবিষ্যতেও সীমান্ত অঞ্চলের গরীব, অসহায় ও চিকিৎসা বঞ্চিত জনগণের মাঝে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
