রথযাত্রা ২০২৫ উপলক্ষে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ২০২৫ উদ্‌যাপনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), তুলশীধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানানো হয়, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে—পিকেট পার্টি, টহল দল, ফুট পেট্রোল, ছাদে অবস্থানকারী টিম, হোন্ডা মোবাইল ইউনিট, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিটি রথযাত্রা নির্ধারিত রুট ও সময় অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া আজান ও নামাজের সময় লাউডস্পিকার বা মাইক বন্ধ রাখা, অংশগ্রহণকারীদের ব্যাগ বা পোটলা বহন থেকে বিরত থাকা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, এবং মিছিলে মাঝপথে প্রবেশ না করা—এসব বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়।

রথযাত্রা উদ্‌যাপন কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রথযাত্রা উদ্‌যাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সিএমপি সূত্রে জানা গেছে, ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রেখে উৎসব সফল করতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment