যমুনা টিভির দুই সাংবাদিকের ওপর ডিসির হামলায় সিইউজের নিন্দা ও প্রতিবাদ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন-এর ওপর পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রোববার (১২ অক্টোবর) সকালে খুলশী থানায় সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম থানার একটি কক্ষে সাংবাদিক জোবায়েদকে আটকে রেখে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তার চোখ, মুখ ও কানে গুরুতর আঘাত লাগে।

সেই ঘটনার পরদিন এক যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন,

উচ্চপদস্থ একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ ঘৃণ্য, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এটি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত।

তাঁরা বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারী কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার, স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সিইউজে নেতৃবৃন্দ আরও বলেন,
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মূল প্রতিষ্ঠান পুলিশ। অথচ পুলিশেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাংবাদিকদের উপর হামলে পড়েছেন এটি অত্যন্ত উদ্বেগজনক। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আরও সংকুচিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
অবিলম্বে এই ঘটনার বিচার করতে হবে। অন্যথায় সিইউজেসহ চট্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এদিকে, দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে খুলশী থানার সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা অবিলম্বে ডিসি আমিরুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক,
চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক লতিফা আনসারি রুনা,
সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম,
চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের সদস্য সচিব একে আজাদ,
টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আশরাফুল আলম মামুন,
যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমান,
ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ,
স্টার টিভির ব্যুরো প্রধান এমদাদুল হক
ও জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেন।

You may also like

Leave a Comment