মীরসরাই প্রতিনিধি, এম জাবেদ হোসাইনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মীরসরাইয়ের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার তুলে ধরেন।
এ সময় বুলবুল চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাত (পাঞ্জা) প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মীরসরাই আসনে নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলমত নির্বিশেষে সবার জন্য আমার ও আমার দলের দরজা উন্মুক্ত থাকবে। সকলের আইনসঙ্গত মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং সব ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে বিদ্যমান শিল্প–কারখানা সচল রাখার পাশাপাশি নতুন শিল্প–প্রতিষ্ঠান স্থাপনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি, লুণ্ঠন, কমিশন বাণিজ্য, জমি দখলসহ সব ধরনের অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং প্রশাসনিক কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।
মতবিনিময় সভায় তিনি এসব বিষয়কে কেন্দ্র করে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল প্রার্থী হিসেবে শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
