নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে মৎস্যঘেরের সীমানা প্রাচীর ভেঙে মাছ লুটের অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবি করিম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বারইয়ারহাটস্থ একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রবি করিম জানান, তার ভগ্নিপতির মালিকানাধীন জমিতে তিনি একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন। গত শুক্রবার রাতে পাশ্ববর্তী জমির মালিক খানের কর্মচারীরা তাদের পুকুরে স্কেভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি কাটেন। এ সময় তার মৎস্যঘেরের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায়। ফলে ঘেরের পানি ও মাছ পাশের পুকুরে চলে যায়।
তিনি অভিযোগ করেন, এ ঘটনার সুযোগ নিয়ে স্থানীয় কিছু লোক তার ঘেরে থাকা মাছ ধরে নিয়ে যায়। এতে তার আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে অভিযুক্ত পক্ষ সামান্য ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও তা ক্ষতির তুলনায় অপ্রতুল হওয়ায় তিনি রাজি হননি।
রবি করিম আরও বলেন, পূর্বেও ওই জমি কেনার জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল। তবে উপযুক্ত মূল্য না পাওয়ায় তারা জমি বিক্রি করেননি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে সিআইপি খানের ব্যবস্থাপক দীন মোহাম্মদ বলেন, কাজ করতে গিয়ে অসাবধানতাবশত কিছু ক্ষতি হয়েছে। তারা মাছের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তবে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
