মহেশখালীতে আধিপত্য ও জমি বিরোধের জেরে যুবক কে গুলি করে হত্যা

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে । গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন দোয়েল (৪২)। তিনি মোহাম্মদ শাহঘোনা এলাকার ফজল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বিকেলে শাহাদাতের বড় ভাই লোকমান হোসেনের সঙ্গে সাদ্দামের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে সাদ্দাম হোসনসহ আরও কয়েকজন শাহাদাতের ওপর হামলা চালান। এর একপর্যায়ে শাহাদাত হোসেনকে গুলি করা হয়। পরে আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাতের বড় ভাই লোকমান হোসেন অভিযোগ করেন, সাদ্দামের সঙ্গে স্থানীয় ‘তারেক বাহিনীর’ লোকজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। সাদ্দাম ওই বাহিনীর নেতা এবং নিহত দোয়েলের ভাতিজা।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন দোয়েলের বিরুদ্ধে হত্যা-অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। অন্যদিকে সাদ্দামও একই ধরনের ৪টি মামলার আসামি। হত্যার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গতকাল রাতে জমিতে পানি চলাচলের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শাহাদাত হোসেন দোয়েল নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment