মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে মরহুম হাবিবুর রহমান হাবিব–এর স্মরণে আয়োজিত হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (২য় আসর)–এর পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মুখোমুখি হয় হাজী মুজাফফর মসজিদ খেলোয়াড় একাদশ ও ঘোপাল ওয়ারিয়াস খেলোয়াড় একাদশ।

ম্যাচ শুরুর কয়েক মিনিটেই দুই দল আক্রমণ–প্রতি আক্রমণে খেলায় গতি আনে। ঘোপাল ওয়ারিয়াস একাদশ শক্ত ডিফেন্স, বল দখল ও দ্রুত পাসিংয়ে ম্যাচে আধিপত্য ধরে রাখে। প্রথমদিকে নিশ্চিত গোলের দুটি শট মুন্নার অসাধারণ সেভে রুখে দেয় হাজী মুজাফফর মসজিদ একাদশ। তবে প্রথমার্ধের ৪০তম মিনিটে ফরোয়ার্ড নোমানের নিখুঁত শটে ১–০ গোলে এগিয়ে যায় ঘোপাল ওয়ারিয়াস।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে প্রতিপক্ষ দলটি। শেষ ২০ মিনিটে কর্নার, সেটপিস ও দূরপাল্লার শটে আক্রমণ করলেও দুর্ভেদ্য রক্ষণভাগ ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর সমতা ফেরানো সম্ভব হয়নি।
চূড়ান্ত বাঁশি বাজার পর মাঠ উল্লাসে ভাসে। সমর্থকদের করতালি, স্লোগান ও খেলোয়াড়দের উদ্যাপনে মাঠ মুহূর্তেই বিজয় মিছিলে রূপ নেয়। খেলোয়াড় ও দর্শকের সম্মিলনে এলাকা জুড়েই ছিল মিলনমেলার আবহ।
টুর্নামেন্ট পরিচালনায় ভূমিকা রাখেন চাঁদগাজী জুনিয়র একাদশ–এর সদস্য তানজিভ রেজবী, ইয়াছিন মজুমদার, মো. পারভেজ, নুরুসহ অন্যান্য সংগঠক। ধারাভাষ্যে ছিলেন মেজবাহ্ উদ্দিন, যাঁর প্রাণবন্ত বর্ণনায় খেলাটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, যুবসমাজে সম্প্রীতি–ঐক্যের বন্ধন দৃঢ় করা এবং স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করাই এই টুর্নামেন্টের লক্ষ্য। তারা আরও বলেন, হাবিব ভাইয়ের স্মৃতি ধরে রাখতে প্রতিবছরই টুর্নামেন্ট বড় পরিসরে আয়োজন করা হবে।
খেলা শেষে দর্শকের চোখেমুখে ছিল সন্তুষ্টি। চা–দোকান থেকে বাজারের অলিগলি সবখানেই এখন চলছে পরবর্তী ম্যাচের আলোচনা। স্থানীয়দের মতে, এটি এখন শুধু ফুটবল নয় এটি এলাকার ঐতিহ্য, বন্ধন ও ক্রীড়াপ্রেমী মানুষের প্রাণের উৎসব।
