ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সিপিএসসি, র্যাব -১৪ এর একটি বিশেষ অভিযানে ৭২ বোতল বিদেশী মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন আলালপুর এলাকার এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা নীল-হলুদ রঙের একটি পিকআপ চেকপোস্ট অতিক্রম করলে র্যাব সদস্যরা সিগন্যাল দিয়ে থামায়। পিকআপে থাকা প্লাস্টিকের বস্তার মালামাল সম্পর্কে জিজ্ঞাসাবাদে চালক ও সহযাত্রী সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা অবৈধ বিদেশী মদ বহনের কথা স্বীকার করে।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিকআপটি তল্লাশী করে ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন,মোঃ আব্দুস সালাম (৪০),মোঃ আব্দুল হালিম (৩৫)
উভয়ের বাড়ি থানা: নালিতাবাড়ী, জেলা: শেরপুর।
অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব-১৪ নিশ্চিত করেছে।
