বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান দুই চোরাচালানকারী আটক, সাড়ে চার লাখ টাকার পণ্য জব্দ

by The Justice Bangla

যশোর প্রতিনিধিঃ চোরাচালান প্রতিরোধে বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুইজন চোরাচালানকারীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বেনাপোলের রঘুনাথপুর বিওপি, শাহজাদপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, কম্বল, শাল–চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সার্জিক্যাল সামগ্রী ও কসমেটিক্স। বিজিবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৪,৫৫,৭৫০ টাকা (চার লাখ পঞ্চান্ন হাজার সাতশত পঞ্চাশ)।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আনা–নেওয়া বন্ধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। আটককৃত দুই আসামির বিরুদ্ধে চোরাচালান আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং জব্দকৃত পণ্য সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সীমান্তে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে চোরাচালানের সিন্ডিকেট দুর্বল হবে এবং রাষ্ট্র বিপুল রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে।

You may also like

Leave a Comment