বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী খুন হন ঘনিষ্ঠজনের হাতে: জাতিসংঘ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল ও নারীহত্যা প্রতিরোধে বিশ্বব্যাপী কার্যকর অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র সমালোচনা প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল সোমবার সংস্থাটি জানায়, ২০২৪ সালে বিশ্বজুড়ে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী অথবা কিশোরী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়েছেন।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং UN Women যৌথভাবে তৈরি করা এক প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা নিহত হয়েছেন প্রায় ৫০ হাজার নারী ও মেয়ে। প্রতিবেদনের তথ্য প্রথম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Agence France-Presse।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও কিশোরী হত্যাকাণ্ডের ৬০ শতাংশ ঘটনাই ঘটেছে স্বামী, প্রেমিক বা পরিবারের নিকট আত্মীয়দের হাতে যার মধ্যে বাবা, ভাই, চাচা, এমনকি মা’র মতো ঘনিষ্ঠজনও রয়েছে। বিপরীতে, পুরুষ হত্যার ক্ষেত্রে ঘনিষ্ঠজন দ্বারা সংঘটিত ঘটনার হার মাত্র ১১ শতাংশ।

১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন
প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী খুনের শিকার হয়েছেন, অর্থাৎ বছরে ৫০ হাজারেরও বেশি, যার অর্থ দাঁড়ায় প্রতি ১০ মিনিটে একজন নারী পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ দ্বারা নিহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যাগুলো বিশ্বজুড়ে নারীর নিরাপত্তা সংকটের ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে। পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্ক যেখানে একজন নারীর সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তার জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সহিংসতা হ্রাসে আইন, সামাজিক সচেতনতা ও সুরক্ষা কাঠামো অনেক দেশে থাকলেও, বাস্তব প্রয়োগ ও সুরক্ষামূলক ব্যবস্থার ঘাটতি এসব হত্যাকাণ্ডকে থামাতে ব্যর্থ হচ্ছে।

জাতিসংঘের বক্তব্য নারী সুরক্ষায় দৃশ্যমান ও টেকসই অগ্রগতি ছাড়া সহিংসতার এই চক্র ভাঙা সম্ভব নয়। সংস্থাটি সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবার, সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জিরো–টলারেন্স নীতি গ্রহণ এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

You may also like

Leave a Comment