বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৩ শতাধিক রোগী

by The Justice Bangla

ফেনী প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার যশপুর সীমান্ত ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

বিজিবি সূত্র জানায়, মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। শীতজনিত রোগে আক্রান্তদের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়। এ সময় প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। পাশাপাশি তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনা ও চিকিৎসকদের সহায়তায় বয়োবৃদ্ধ, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment