বহিষ্কার ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৭৯ আসনে লড়ছেন বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে স্পষ্ট হয়ে উঠেছে অভ্যন্তরীণ সংকট ও মতভেদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং বহিষ্কারের ঝুঁকি উপেক্ষা করে সারা দেশে অন্তত ৭৯টি আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র পরিচয়ে নিরবাচনি মাঠে লড়বেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এসব নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ফলে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে কেউ নির্বাচনে গেলে সেটি স্পষ্ট বিদ্রোহ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।”

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি এরই মধ্যে বিপুল সংখ্যক নেতাকে বহিষ্কার করেছে। মোট বহিষ্কৃত বিদ্রোহীর সংখ্যা ৭২ জনে পৌঁছেছে বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে

অন্যদিকে বিদ্রোহী প্রার্থীরা দাবি করছেন, স্থানীয় জনগণের চাপ ও রাজনৈতিক বাস্তবতার কারণেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের ভাষ্য, “দলীয় সিদ্ধান্ত থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। জনগণের প্রতিনিধিত্ব করতেই আমরা নির্বাচনে নেমেছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণ বিএনপির জন্য দ্বিমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে দলীয় শৃঙ্খলা ভাঙনের বার্তা যাচ্ছে, অন্যদিকে সরকারবিরোধী রাজনীতিতে বিএনপির অবস্থানও প্রশ্নের মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে বিএনপি কী ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেয় এবং বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কী হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।

You may also like

Leave a Comment