আশফাক আহমদ | জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বড়লেখা উপজেলার ৪ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বড়লেখায় উপজেলায় ৪ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আবেদনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ হাজার ৯৯৫ জন এবং মহিলা ভোটার ৫১০ জন।
বিধি মোতাবেক, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই তার অবস্থানরত দেশের সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান এই প্রক্রিয়া সম্পর্কে জানান, অনুমোদিত প্রবাসী ভোটাররা তাদের ভোট প্রদান করে সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে বা নির্ধারিত মাধ্যমে প্রেরণ করবেন। রিটার্নিং অফিসার প্রাপ্ত ব্যালটগুলো যাচাই করে কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারদের কাছে সময়মতো পৌঁছে দেবেন।
উল্লেখ্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই ডিজিটাল উদ্যোগের ফলে বড়লেখার বিপুল সংখ্যক প্রবাসী প্রথমবারের মতো বিদেশ থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
