ফেনীতে পৃথক তিন মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু

রেললাইন, হোটেল ও গাছচাপা একই দিনে তিন স্থানে প্রাণহানি

by The Justice Bangla

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রেললাইন, হোটেল ও গাছ কাটার সময় ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক রেলের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনা নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের সদস্য মহসিন মিঞা। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

ফেনী শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টার-এর কর্মচারী ছিলেন।

খালেদের বাড়ি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামে। তাঁর বাবা খাদেমুল ইসলাম।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বজন আব্দুর রশিদ।

দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় নিচে চাপা পড়ে মারা যান মোহাম্মদ মুসা (৩৪)।
তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তিনজনের লাশই ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে, জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. সোহেব উদ্দিন নিলয়।

পৃথক তিন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, আর পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment