বিশেষ প্রতিনিধি,ফেনীঃ ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অবৈধ ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে তার আইনজীবীরা এ আপিল আবেদন দাখিল করেন।
আপিলে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করায় ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে।
ডা. ফখরুদ্দিন মানিকের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
আপিল আবেদনে বলা হয়, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তবে তিনি মনোনয়নপত্রের হলফনামায় সে তথ্য গোপন করেছেন। হলফনামায় তিনি দাবি করেন, ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। কিন্তু এর স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ সংযুক্ত করেননি।
আপিলে আরও উল্লেখ করা হয়, মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল আউয়াল মিন্টু গত ৪ ডিসেম্বর থাইল্যান্ডে যান এবং ১৫ ডিসেম্বর সেখান থেকে দেশে ফেরেন। যদি তিনি ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকেন, তাহলে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে তার বিদেশ ভ্রমণ সম্ভব হতো না।
এছাড়া হলফনামায় তার বিরুদ্ধে বিদ্যমান মামলার তথ্যও গোপন করা হয়েছে বলে আপিলে অভিযোগ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এসব কারণে তার প্রার্থিতা বাতিলযোগ্য বলে দাবি করা হয়েছে।
এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উত্থাপন করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, আব্দুল আউয়াল মিন্টুর পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিল। তবে তিনি হলফনামায় উল্লেখ করেছেন যে, ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। প্রমাণ হিসেবে মার্কিন দূতাবাসে নাগরিকত্ব বাতিলের আবেদন সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের সংশ্লিষ্ট ধারায় বলা আছে—বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে তাকে ওই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হবে না। সে অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনে আরও প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী।
আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
