পাহাড়তলীতে বিশেষ অভিযানে দো-নলা বন্দুক উদ্ধার, ১০ মামলার আসামী গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ  চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দো-নলা বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এসময় দীর্ঘদিন পলাতক থাকা ১০ মামলার আসামী মোঃ জাকির হোসেন (৫০) গ্রেফতার হয়।

পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন খান, এসআই (নিঃ) খোকন দাস, এসআই আলমগীর হোসেন ও এসআই মজিবুর রহমানের নেতৃত্বে ফোর্স নিয়ে ৩ নং রেলগেইট পেয়ার বক্স কলোনীতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন জাকির হোসেনকে থামার নির্দেশ দিলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাৎক্ষণিক পিসি-পিআর যাচাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা ও ১টি পুলিশ আক্রান্ত মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে।

পরে নিবিড় জিজ্ঞাসাবাদে জাকির জানায়, তার কাছে একটি দেশীয় তৈরি দো-নলা বন্দুক রয়েছে, যা সে সিগন্যাল কলোনীতে নিজের তিনতলা ভবনের ছাদের পানির ড্রামের নিচে লুকিয়ে রেখেছে। রাত ৯টা ৫ মিনিটে পুলিশ তাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে তার দেখানো মতে অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া দো-নলা বন্দুকটির মোট দৈর্ঘ্য ১৭ ইঞ্চি। এর মধ্যে কাঠের বাট ৫ ইঞ্চি এবং লোহার ব্যারেল ১২ ইঞ্চি।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা নং-০৮, তারিখ-০৭/০৯/২০২৫ইং এ The Arms Act-1878 এর 19A ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment