পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারিনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সহকারী শিক্ষক রাজিব সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা পরীক্ষা বর্জন করলে ক্ষুব্ধ অভিভাবক পরিচয়ে কিছু ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় সহকারী শিক্ষক রাজিব সরকারের মাথা ফেটে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌক্তিক দাবির আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছিলেন। কিন্তু কিছু ব্যক্তি অভিভাবকের পরিচয়ে এসে শিক্ষককে মারধর করে গুরুতর আহত করে।
তিনি আরও বলেন, “শিক্ষকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলায় শিক্ষকসমাজ ক্ষুব্ধ। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
