নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষুধ জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।
রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধারকৃত ভেজাল পণ্যের মধ্যে রয়েছে—
• ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (মূল্য প্রায় ৮ লাখ ৯৫ হাজার টাকা),
• ১,২০০ প্যাকেট সবুজ রঙের পাউডার (মূল্য প্রায় ২৭ লাখ ৪৮ হাজার টাকা),
• ৬০০ প্যাকেট নীল রঙের পাউডার (মূল্য প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা)।
সর্বমোট উদ্ধারকৃত ভেজাল ও অবৈধ যৌন উত্তেজক সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
