মীরসরাই প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলে তাঁকে সংবর্ধনা জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) ধুমঘাট থেকে বড়তাকিয়া পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা শেষে বড়তাকিয়া বাজারে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি কঠোর ভাষায় বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন বানচালের চেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাঁতভাঙা জবাব দেবে।
নুরুল আমিন চেয়ারম্যান আরও বলেন, আপনারা স্বৈরাচারকে বিদায় করতে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। সেই সংগ্রামে আমাদের বহু নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই ইতিহাস ভুলে আজ যারা স্বৈরাচারের মতো আচরণ করছে তারা ভুলে গেছে জনগণের শক্তি। আগামী নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, বিএনপি সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, এ নির্বাচনী যাত্রা শুধু সংবর্ধনা নয়, বরং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের জাগরণেরই প্রতিচ্ছবি।
উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সালাহ উদ্দিন চেয়ারম্যান, ওমর শরিফ, মাঈন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জাহেদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
