নাগরিক কমিটির উদ্যোগে সাইফুদ্দিন খালেদ খসরুর শোকসভা অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সাইফুদ্দিন খালেদ খসরু তাঁর কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন”—এই অনুভূতি নিয়েই আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশিষ্ট প্রগতিশীল কর্মী ও পেশাজীবি সাইফুদ্দিন খালেদ খসরুর নাগরিক শোকসভা।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অধ্যাপক মহীবুল আজিজ এবং সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও নাগরিক কমিটির সদস্য মো. মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব মো. আতিক, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ, কবি ও সাংবাদিক অভীক ওসমান, সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, শিক্ষাবিদ আজাদ বুলবুল, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত বসু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. শাহ আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার দাশ, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ, নজরুল সংগীত শিল্পী সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক দীপেন চৌধুরি, সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি প্রণব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের শিক্ষার্থী ইউসুফ হোসেন ভুইঁয়া, বিশিষ্ট ব্যাংকার অশ্রুত কুমার চক্রবর্তী, সমাজ সমীক্ষা সংঘের প্রতিষ্ঠাকালীন পরিচালক সুমন চৌধুরী মনি, ২১ ব্যাচের শিক্ষার্থী জহিরুল আলম এবং প্রয়াতের কন্যা যাহবা শবনম আভা প্রমুখ।

বক্তারা স্মরণসভায় আবেগঘন কণ্ঠে বলেন, সাইফুদ্দিন খালেদ খসরু ছিলেন অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। শৈশব ও কৈশোর থেকেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মননশীল ও গুণী ব্যক্তিদের সংস্পর্শে বেড়ে ওঠেন। একটি সুরুচিসম্পন্ন সাংস্কৃতিক আবহে তাঁর গড়ে ওঠা তাঁকে আজীবন প্রগতিশীল আন্দোলনের প্রতি নিবেদিত করে।

তাঁরা আরও বলেন, সাইফুদ্দিন খালেদ খসরু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মুক্ত মানুষের মুক্ত সমাজে। যুক্তি ও বুদ্ধির বিকাশে তাঁর নিরন্তর আস্থা ছিল। আধুনিকতার নামে ভোগবাদী সমাজ ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং সমাজ বদলের এক অক্লান্ত স্বপ্নদ্রষ্টা। প্রকৃত মানবিকতা ও উদারতা নিয়েই তিনি মানুষের জন্য কাজ করতে চেয়েছেন। তাই তিনি ছিলেন সকলের কাছে আস্থার, ভালোবাসার ও নির্ভরতার এক নির্ভেজাল প্রতীক।

শোকসভায় শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

You may also like

Leave a Comment