নিজস্ব প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি নলকূপের গর্তে পড়ে মিসবাহ নামে পাঁচ বছরের এক শিশু প্রায় ৩০ ফুট নিচে আটকা পড়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আটকে পড়া শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, নলকূপের গর্তের ভেতরে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়।
তিনি বলেন, “শিশুটিকে জীবিত উদ্ধারের লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
ঘটনার পরপরই এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে গাছের ডাল ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারিয়েছিল দুই বছরের শিশু সাজিদ। সে সময় পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শিশুটিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
