নিজস্ব প্রতিবেদকঃ নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করতে রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব-এর দ্বিতীয় তলায় পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আয়োজিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গঠনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মান নিশ্চিত করা। রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে দুর্নীতি, বৈষম্য এবং প্রশাসনিক জটিলতা দূর করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গোলটেবিল আলোচনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চিন্তক ও জবান এর সম্পাদক রেজাউল করিম রনি। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে রাজনৈতিক সংস্কৃতি, নৈতিক নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক সমাজের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে।
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইমরান এমি।
আলোচনা সভায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক চর্চা জোরদার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণমুখী নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
