নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আশা করি খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন।
আজ বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিন্টু এ মন্তব্য করেন।
নির্বাচনের সময়সূচি ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ
মিন্টু জানান, নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হলেও বর্তমান পরিস্থিতিতে তা জানুয়ারিতেও হতে পারে। তিনি বলেন, “লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকারের যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, আমরা সেটাতে আস্থা রাখি।
তিনি আরও উল্লেখ করেন, কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলমান রয়েছে। যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়, তাহলে অন্তর্বর্তী সরকারই কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবে এবং সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আন্দোলনের ইতিহাস ও নির্বাচন দাবি
দলীয় আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে মিন্টু বলেন, বিগত ১৯ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম, নির্যাতন সহ্য করে এসেছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি—তা সঠিক নয়। বরং ২০০৬ সাল থেকেই আমরা নির্বাচন দাবি করে আসছি।
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২০০৬ সালের পর দেশে কোনো নির্বাচিত সরকার নেই। দুই যুগ ধরে যদি একটি দেশে নির্বাচিত সরকার না থাকে, তাহলে মানুষের অর্থনৈতিক বা সামাজিক উন্নয়ন সম্ভব নয়। একটি দায়বদ্ধ সরকারই জনগণের উন্নয়নে কাজ করে।
ফেনীতে বিএনপির আত্মবিশ্বাস
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে মিন্টু বলেন, ফেনীতে নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। অতীতের ইতিহাস বিবেচনায় তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি ফেনী থেকে জয়ী হবে।
