ডিবি’র অভিযানে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০২ এর বিশেষ অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০২ রাউন্ড গুলি সহ এক অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং এর সার্বিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) ফজলে রাব্বী কায়সার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পাঁচলাইশ মডেল থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেটের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ডিবির টিম। কিছুক্ষণ পর একটি ভাড়াকৃত সিএনজি অটোরিকশা (চট্ট-মেট্রো-থ-১২-৬০০১) চেকপোস্টের সামনে এলে সেটি থামানো হয়।

তল্লাশি চলাকালে সিএনজির পেছনের আসনে থাকা এক যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম মোঃ জাকির হোসেন রাজু (৩২) বলে জানায়।

উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, অস্ত্রটি সে ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ (৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিল এবং তা ব্যবহার করে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে পাঁচলাইশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment