কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুইটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে পাচার হতে পারে – এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) রাত ১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজনকে বস্তা বহন করে পাহাড়ের দিকে যেতে দেখা যায়। যৌথ বাহিনীর সদস্যরা তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বাহিনীর সদস্যরা। পরে পাচারকারীরা দুইটি বস্তা ফেলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দু’নলা বন্দুক, তিনটি একনলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিচ্ছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, ভবিষ্যতেও অবৈধ অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
