টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান: অপহৃত যুবক উদ্ধার, দেশি-বিদেশি অস্ত্র ও মাদক জব্দ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অপহরণকারী ও ডাকাতদের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। একইসাথে অপহৃত অবস্থায় থাকা এক যুবককে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ জুলাই) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

তিনি জানান, শনিবার (৫ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত ও অপহরণকারী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে সন্ত্রাসীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ লিটার দেশি চোলাই মদ।

এ সময় অপহৃত টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২০) কে জীবিত উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment