মোহাম্মদ সাগরঃ জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণায় ১২ কেজি এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিইআরসি এই নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
তবে বিইআরসি ঘোষিত দামে এলপি গ্যাস পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে অসন্তোষ ও প্রশ্ন রয়েছে। গত ডিসেম্বর মাসে সরকারি মূল্য ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হলেও মাসের শেষ দিক থেকে বিভিন্ন এলাকায় ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
ভোক্তারা বলছেন, ঘোষিত দাম বাস্তবে কার্যকর না হওয়ায় বাজারে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মূল্য সমন্বয়ের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি জোরদার না করলে ঘোষিত দামের সুফল সাধারণ মানুষ পাবে না।
