নিজস্ব প্রতিবেদকঃ ভুয়া ডিবি (গোয়েন্দা) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেল (৩৬) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম)।
আজ মঙ্গলবার (8 জুন) ভোরে পটিয়া থানাধীন ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইউসুফ সিএমপি’র গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল করে এক ব্যক্তি নিজেকে চট্টগ্রাম ডিবি প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন এবং মামলা থেকে রেহাই পেতে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
অ্যাডভোকেট ইউসুফ নিজেও ওই নম্বরে কল দিলে একই রকম হুমকির সম্মুখীন হন। পরবর্তীতে তিনি কথিত ডিবি কর্মকর্তার দেয়া বিকাশ নম্বরে কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা পাঠান। এরপর যখন পুনরায় বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে আরও অর্থ দাবি করা হয়, তখন সন্দেহ হলে তিনি সিএমপি’র ডিবি শাখার শরণাপন্ন হন।
গোয়েন্দা শাখা অনুসন্ধানে নেমে একই ধরনের প্রতারণার শিকার আরও ভুক্তভোগীদের সন্ধান পায়। সবার কাছ থেকেই ভয় দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করা হয়।
এরপর পুলিশ পরিদর্শক মোঃ মুজিবর রহমানের নেতৃত্বে ডিবি-পশ্চিমের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে সোহেলকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল প্রতারণার কথা স্বীকার করে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে চক্রের অন্যান্য সদস্যদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মোবাইল ফোনে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করত। সোহেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে।
সিএমপি জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
